ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের অফিস আদেশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্ত।
আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সোমবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান। এটি গেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপারের কাছে।
এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে ৯ নভেম্বর অফিস আদেশ জারি করা হয়। তাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত ‘পরিত্যক্ত বাড়ি’ সংরক্ষণের বিষয়ে পদক্ষেপের কথা বলা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, কুমিল্লার আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমিটির মালিক মূলত ধীরেন্দ্রনাথ দত্ত। নোটিশের বক্তব্য অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর অবিবাহিত ছেলে দিলীপ দত্তকে হত্যা করলে অপর ছেলে সঞ্জীব দত্ত সম্পত্তির উত্তরাধিকারী হন। ১৯৯২ সালে সঞ্জীব দত্ত মারা গেলে সম্পত্তি তাঁর উত্তরাধিকারীদের হাতে যায়।
নোটিশে আরও বলা হয়, চলতি বছরের ১৩ মে রাহুল দত্ত মারা গেলে একমাত্র জীবিত উত্তরাধিকারী হিসেবে আরমা দত্ত সম্পত্তিটি নিজের নামে নামজারি করেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর ও সিটি করপোরেশনের হোল্ডিং কর পরিশোধ করে ভোগদখলে আছেন। নোটিশে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ১৪ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে কয়েকটি সম্পত্তির তালিকা দিয়ে সেগুলোকে ঐতিহ্যবাহী স্থাপনা ঘোষণা এবং এ জন্য অর্থ বরাদ্দের অনুরোধ করেছিলেন; সেই তালিকায় আরমা দত্তের সম্পত্তিও ছিল।