বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা-অগ্নিসংযোগ: গভীর উদ্বেগ জাতিসংঘের, তদন্তের আহ্বান

জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেছেন, সব সহিংসতা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত; এক সপ্তাহে ২২ শাখায় হামলার অভিযোগ ব্যাংকের।

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিশের বেশি শাখায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। প্রশ্নকর্তা আরও বলেন, শান্তিতে নোবেলজয়ী এই ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাঁর প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনাকে জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে ফারহান হক বলেন, “আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি যে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে; তবে আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।”

মঙ্গলবার গ্রামীণ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরের নাম উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ১৬ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় দুর্বৃত্তরা আগুন দেয় বলে ব্যাংকটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি এখন গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক; এর ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের।