চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আমিনুর রহমান চৌধুরী জানান, দুই-তিনজন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের দরজার জানালা ফাঁক করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে তিনি জানান।
আমিনুর রহমান চৌধুরী জানান, রাতেই তিনি টহল দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে বিষয়টি জানিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘জিডি করব এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ঘটনার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ দলের নেতারা এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।