জামালপুরের মাদারগঞ্জে বৃষ্টি ও ঝোড়ো বাতাসে মরিচসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাত্র এক দিনের বৃষ্টিতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর এলাকায় প্রায় ২০ বিঘা জমির মরিচ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার অন্যান্য এলাকায়ও মরিচ ও অন্য সবজির জমিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে বাজারে মরিচের দাম কমে কেজিপ্রতি ১৫ টাকায় নেমে আসায় উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বৃষ্টি ও ঝোড়ো বাতাসে মরিচের গাছ নুয়ে পড়েছে। কোথাও গাছ ভেঙে গেছে, কোথাও ফুল ও কাঁচা মরিচ ঝরে পড়েছে। জমিতে পানি জমে থাকায় গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এতে ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা।
কৃষকদের ভাষ্য, মরিচ চাষে জমি প্রস্তুত, চারা, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হয়। কিন্তু এখন ফসল নষ্ট হওয়ায় সেই খরচ তুলে আনাই কঠিন হয়ে পড়েছে। চর গোপালপুর এলাকার কৃষক মোতালেব বলেন, মরিচ চাষে তিনি অনেক টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু বৃষ্টি ও বাতাসে ফসলের ক্ষতি হওয়ায় এখন তিনি দুশ্চিন্তায় আছেন। আরেক কৃষক লিমন বলেন, মরিচের বাজারদর এখন কেজিপ্রতি মাত্র ১৫ টাকা। এমনিতেই দাম কম, তার ওপর বৃষ্টি-বাতাসে ফসলের ক্ষতি হয়েছে। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা কঠিন বলে জানান তিনি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মাদারগঞ্জ উপজেলায় ১০ হেক্টর জমির মরিচসহ বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ফসল রক্ষা এবং কৃষকদের লোকসান কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হবে।