ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরের ওয়াকওয়েতে অনুষ্ঠিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নদী দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন-উপযোগী করে গড়ে তুলতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কাজ দ্রুত শেষ হলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মত দেন।
অনুষ্ঠানে জানানো হয়, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইতিমধ্যে ঢাকার চারপাশের চার নদীর দুই তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করেছে। নদীর সীমানা সংরক্ষণ, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও চলছে। সীমানা পিলার বসানোর লক্ষ্যমাত্রা ৭ হাজার ১০০টি; এর মধ্যে ৬ হাজার ৬৩০টি বসানো হয়েছে।
মন্ত্রী বলেন, নদীর সীমানা সংরক্ষণ এবং সাধারণ মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরিতে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে বানানো হয়েছে। অসম্পূর্ণ ওয়াকওয়ের মিসিং লিংক দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদীতীরকে হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করার পাশাপাশি নদী সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোই এ ধরনের আয়োজনের উদ্দেশ্য বলে তিনি জানান।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান, কর্তৃপক্ষের বিভিন্ন সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।