বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইরানি হামলার পর কুয়েতে যৌথ সামরিক অগ্রবর্তী সদর দপ্তর গড়বে উপসাগরীয় দেশগুলো

মানামায় জিসিসির যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন; সেখানে সেনা মোতায়েনও করা হবে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) কুয়েতে তাদের ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের জন্য একটি অগ্রবর্তী সদর দপ্তর প্রতিষ্ঠা করবে এবং সেখানে সেনা মোতায়েন করা হবে। মঙ্গলবার জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই এ কথা জানিয়েছেন। বাহরাইনের রাজধানী মানামায় জিসিসির যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা এ সিদ্ধান্ত নেন। বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ বিন হাসান আল-নুয়াইমি।

অগ্রবর্তী সদর দপ্তর হলো সম্ভাব্য সংঘাতস্থলের কাছাকাছি স্থাপিত একটি সামরিক সদর দপ্তর, যা সমন্বয় আরও কার্যকর এবং সেনা মোতায়েন দ্রুত করতে সহায়তা করে। ইরাক ও সৌদি আরবের সীমান্তঘেঁষা কুয়েত উপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত এবং সমুদ্রের ওপারে ইরান। নতুন এই কমান্ড জিসিসির ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের অধীনে থাকবে, যেখানে ছয় সদস্য দেশের সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করে। ২০১৩ সালের ডিসেম্বরে কুয়েতে অনুষ্ঠিত এক সম্মেলনে জিসিসি এই ঐক্যবদ্ধ সামরিক কমান্ড প্রতিষ্ঠা করেছিল।

মহাসচিব বলেন, এপ্রিলে জেদ্দায় অনুষ্ঠিত জিসিসির অসাধারণ শীর্ষ সম্মেলনে নেতারা যৌথ সামরিক পদক্ষেপ জোরদার এবং অভিন্ন হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর যে নির্দেশনা দিয়েছিলেন, এ বৈঠক তারই ধারাবাহিকতায় হয়েছে। অঞ্চলে ‘ইরানি আগ্রাসন’ মোকাবিলায় সদস্য দেশগুলোর সামরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রশংসা করে তিনি বলেন, এতে প্রমাণ হয় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সবার যৌথ দায়িত্ব। জিসিসি দেশগুলোতে ইরানের হামলা এবং বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ক্ষতির তীব্র নিন্দা জানান তিনি। পবিত্র স্থান লক্ষ্য করে সৌদি আরবে হুথিদের হামলাকেও তিনি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেন।

মহাসচিব আরও জানান, পরিষদ উপসাগরীয় সামরিক সহযোগিতাকে আরও বৃহত্তর সমন্বয়ের পর্যায়ে নেওয়ার আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন সদর দপ্তরের কাঠামো কিংবা সেখানে কী পরিমাণ সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে উপসাগরীয় দেশগুলো বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশেই যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে। যুদ্ধের কারণে আকাশপথে যাত্রী চলাচল ও নৌপরিবহন ব্যাহত হয়েছে এবং অঞ্চলটির গুরুত্বপূর্ণ তেল-গ্যাস রপ্তানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।