শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সিলেট টেস্টে ছয় উইকেট নিয়ে শাহাদাত হোসেনকে ছাড়িয়ে গেলেন হাসান মাহমুদ, বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট এখন তাঁর

মাত্র ১২ টেস্টে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ। শুক্রবার সকালে ইনিংসে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট নিয়ে তিনি শাহাদাত হোসেনকে ছাড়িয়ে গেছেন। এর ফলে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পেসার এখন হাসান মাহমুদ।

প্রথম দিন দুটি উইকেট নেওয়ার পর শুক্রবার সকালে আরও তিনটি তুলে নিয়ে তিনি পঞ্চম ‘ফাইফার’ পূর্ণ করেন। পরে আরও একটি উইকেট নিয়ে ইনিংসে দ্বিতীয়বারের মতো ছয় উইকেট পাওয়ার কীর্তিও গড়েন। বাংলাদেশের আর কোনো পেসার টেস্টে একাধিকবার ইনিংসে ছয় উইকেট নিতে পারেননি।

টেস্ট ক্যারিয়ারের বয়স আড়াই বছরও হয়নি হাসানের। মাত্র ১২ টেস্টেই তিনি পাঁচবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। অন্যদিকে ৩৮ টেস্টের ক্যারিয়ারে শাহাদাতের এই কীর্তি ছিল চারবার। পাঁচ উইকেট নেওয়ার সংখ্যায় হাসানের পেছনে আছেন শাহাদাত (৪), নাহিদ রানা (২) ও রবিউল ইসলাম (২)। বাংলাদেশের আর কোনো পেসার একাধিকবার এই কীর্তি গড়তে পারেননি।

হাসানের কীর্তির আরেকটি বিশেষ দিক, তাঁর পাঁচটি পাঁচ উইকেটই এসেছে পাঁচটি ভিন্ন দেশে। ২০২৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তিনি প্রথমবার এই কীর্তি গড়েন। পরের টেস্টেই ভারতের চেন্নাইয়ে পান দ্বিতীয়বার। এরপর অস্ট্রেলিয়ার ডারউইন এবং গত মাসে সংযুক্ত আরব আমিরাতে পাঁচ উইকেট পান। এবার সিলেটে পেলেন পঞ্চমটি, যা দেশের মাটিতে তাঁর প্রথম পাঁচ উইকেট।