রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ডিবির সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
পুলিশের তথ্যে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানের বাবার নাম সৈয়দ জামান খন্দকার। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তিনি সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলেও পুলিশের প্রতিবেদনে উল্লেখ আছে।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা আছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ড এবং তাঁর সংশ্লিষ্ট ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে। এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি; অভিযুক্ত ব্যক্তির পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।