শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রায় ৮০ বছরের অপেক্ষার পর ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু, উদ্বোধন করলেন রেলমন্ত্রী

পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম; শুক্রবার থেকে নিয়মিত সূচিতে চলবে দুটি ট্রেন।

পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে এই রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। উদ্বোধনের দিন সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি পাবনা স্টেশন থেকে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশজুড়ে রেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং রেলযাত্রার মান বাড়ানো ও প্রসারিত করার উদ্যোগ বর্তমান সরকারের রয়েছে। তাঁর ভাষ্য, ‘আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশের রেলের মান, সার্ভিস ও যাত্রা আগামীতে আরও নিরাপদ হবে।’

পাবনাবাসীর জন্য এটি আনন্দের মুহূর্ত উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়ে নিরাপদ যাত্রা নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল সরকারের। এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি মানুষ যে আস্থা রেখেছিলেন, আজ তা পূর্ণ হলো বলেও মন্তব্য করেন মন্ত্রী।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-২, পাবনা-৪ ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলসচিব ফাহিমুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর শুক্রবার (২০ নভেম্বর) থেকে ট্রেন দুটি বাণিজ্যিকভাবে নিয়মিত চলবে। সূচি অনুযায়ী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে। উল্টো দিকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে যাত্রা শুরু করবে।

প্রায় ৮০ বছরের অপেক্ষার পর পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হওয়াকে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।