মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের অবস্থান, প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস ‘লকডাউন’, উপাচার্য অবরুদ্ধ

পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মূল ক্যাম্পাসে সোমবার উত্তেজনা দেখা দেয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস ‘লকডাউন’ ঘোষণা করেন।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকাল থেকে কর্মসূচি চলে। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। এদিন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিকেল ৩টার দিকে প্রধান ফটক বন্ধ করে দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নিজ দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল; বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাঁদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো বদলে ফেলা হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।

সমাবেশে ডেপুটি রেজিস্ট্রার, সহকারী পরিচালক ও সেকশন অফিসারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারী ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।

এর আগে পুনর্বহালের পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা ও বকেয়া না পাওয়ার অভিযোগ উঠেছিল; সেই দাবিতেই কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।