কম জমিতে বেশি উৎপাদন ও খরচ কমিয়ে বাড়তি আয়ের লক্ষ্যে উত্তরাঞ্চলের কয়েকটি উপজেলায় কৃষকেরা একই জমিতে একাধিক ফসল চাষের দিকে ঝুঁকছেন। আন্তঃফসল, সাথী, মিশ্র ও ভার্টিক্যাল পদ্ধতিতে চাষ করে তাঁরা জমির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি আয় ও পুষ্টির চাহিদা পূরণের সুযোগ দেখছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত, শিবপুর, কোচাশহর, কামারদহ, গুমানীগঞ্জ ও ফুলবাড়িসহ পৌর এলাকার ২০ থেকে ২৫টি গ্রামে কৃষকেরা একই জমিতে বেগুন, কলা, টমেটো, হলুদ, লালশাক, করলা ও লাউসহ নানা ফসল ফলাচ্ছেন। কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামের কৃষক শামীম রেজা ৪০ শতক জমিতে কয়েকটি প্লট করে বিভিন্ন সবজি চাষ করেছেন। ফলন ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, খরচ বাদ দিয়ে অন্তত ৫০ হাজার টাকা লাভের আশা করছেন। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে আন্তঃফসল, সাথী ও মিশ্র ফসলের আবাদ হয়েছে।
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাট গ্রামের কৃষকেরা একই জমিতে আদা, ফুলকপি ও ওলকচু চাষ করছেন। পাশাপাশি সিমেন্টের পরিত্যক্ত বস্তায়ও আদা চাষ করছেন তাঁরা। উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন বলেন, প্রচলিত পদ্ধতির পাশাপাশি বস্তায় আদা চাষে বাড়তি জমির প্রয়োজন হয় না। সঠিক পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন নিশ্চিত করা গেলে ভালো ফলন পাওয়া সম্ভব।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে কৃষকেরা মাচা তৈরি করে ওপরে শিম ও নিচে আদা চাষ করছেন। কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম জানান, কৃষিজমি কমে আসায় এই পদ্ধতিতে চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উপজেলায় প্রায় দুই হেক্টর জমিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ হচ্ছে। কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন জানান, শিমের মৌসুম শেষ হলেও জমিতে আদা থাকবে, ফলে পর্যায়ক্রমে দুই ফসল থেকেই আয় সম্ভব।