বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে মাছে রং ও ভেজাল মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় দারোগারহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাছের সঙ্গে ক্ষতিকর রং ও ভেজাল উপাদান মেশানোর অভিযোগ উঠেছে। এই বিষয়টি ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় দারোগারহাট বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় প্রতিটি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়, যেখানে বাজারের মাছ ও মৎস্যপণ্য পরীক্ষা এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়। মাছের সঙ্গে ভেজাল উপাদান মেশানোর বিষয়টি শনাক্ত হওয়ার পর মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে অন্য মাছ ব্যবসায়ীদের মৎস্যপণ্যে কোনো ধরনের ভেজাল না মেশানো এবং নিরাপদভাবে পণ্য বাজারজাত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী আমার দেশকে বলেন, ‘মাছের সঙ্গে রং বা ভেজাল উপাদান মেশানো হয়েছে। এসব উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে তদারকি অব্যাহত থাকবে। তিনি জানান, আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।