রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে আইপিওতে লটারি পদ্ধতি ফিরছে, বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

কমিশনের চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, মূল্য নির্ধারণ, বুক বিল্ডিং, মিউচুয়াল ফান্ডের বরাদ্দ ও আন্ডাররাইটিংসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব রাখা হচ্ছে।

দেশের পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে আগের লটারি পদ্ধতি পুনঃপ্রবর্তনসহ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান জানান, নতুন বিধিমালায় মূল্য নির্ধারণ পদ্ধতি, বুক বিল্ডিং, মিউচুয়াল ফান্ডের বরাদ্দ, আন্ডাররাইটিং এবং তালিকাভুক্তির প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব রাখা হচ্ছে।

এর পাশাপাশি বড় কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া এবং প্রয়োজনে জনস্বার্থে কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মাসুদ খান এসব কথা বলেন।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির দায়িত্ব শুধু নিয়মকানুন তৈরি করা নয়; বাজারের উন্নয়নে সহায়তাকারী হিসেবেও কাজ করতে হবে। অংশীজনদের সমস্যা বিবেচনায় না নিলে নিয়মকানুনের যথাযথ বাস্তবায়ন সম্ভব নয় বলে কমিশন নতুন বিধিমালা তৈরির আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিচ্ছে। খসড়া বিধিমালা জনমত যাচাইয়ের জন্য প্রকাশের পর আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হচ্ছে। মার্জিন ঋণ বিধিমালা ও ডিরেক্ট লিস্টিং বিধিমালাসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

মাসুদ খান জানান, নতুন আইপিও বিধিমালার খসড়াও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত করার আগে আবারও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে, যাতে তা সবার কাছে গ্রহণযোগ্য হয়। তিনি আরও বলেন, বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানির সমস্যা সম্পর্কে কমিশন অবগত। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণে কর-সংক্রান্ত ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগার কারণে আগে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দিতে পারত না।