মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, প্রথম দিনে নিষ্পত্তি তিনটি

দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় জমে থাকা ৯১৭টি অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রায় দুই বছর পর তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। সোমবার কমিশনে পাঁচটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে একদিনেই তিনটি অভিযোগের নিষ্পত্তি হয়েছে।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করে। দায়িত্ব নেওয়ার পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তিসংক্রান্ত তথ্য চেয়ে করা অভিযোগগুলো উঠে আসে।

তথ্য অধিকার আইনের অধীনে কোনো নাগরিক সরকারি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে না পেলে বা অসন্তুষ্ট হলে কমিশনে অভিযোগ করতে পারেন। কমিশন কার্যকর না থাকায় এতদিন এসব অভিযোগের শুনানি থেমে ছিল। এবার জমে থাকা অভিযোগগুলোর শুনানি শুরু হলো।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনের শুনানিতে যেসব তথ্য চাওয়া হয়েছিল তার বেশির ভাগই সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সম্পর্কিত।