বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এসআই ও কনস্টেবল প্রত্যাহার

হবিগঞ্জের চুনারুঘাটে বাবা ও মেয়েসহ তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা ও মেয়েসহ তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পুলিশের এক এসআই ও এক সদস্যকে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন— চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমীন। বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার বগাডুবি রেললাইনের মোড়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তিরা হলেন কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া, তার ভাই ইউনুস ও মেয়ে জাসমিন আক্তার। জানা গেছে, কালিশিরী গ্রামের একটি পরিবারের সঙ্গে ছায়েদ আলীর পরিবারের রাস্তা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান। ওইদিন সকালে একটি মামলার হাজিরা দিতে ছায়েদ মিয়া, জাসমিন ও ইউনুস একটি ইজিবাইকে করে চুনারুঘাট যাচ্ছিলেন। বগাডুবি রেললাইনের মোড়ে পৌঁছালে এসআই মাসুম আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গতিরোধ করে। এ সময় প্রতিপক্ষের লোকজনও পুলিশের সঙ্গে ছিলেন। পরে তল্লাশির নামে তাদের পকেটে ইয়াবা গুঁজে দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। একপর্যায়ে জোর করে পুলিশের গাড়িতে করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ চুনারুঘাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও থানায় উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি বেগতিক দেখে বিকেলে পুলিশ আটক তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।