শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ, এর বেশি নেওয়া যাবে না

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না।

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এই ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতেও কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

মেডিক্যাল স্লিপ করানোর পর কোনো কর্মী যদি অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে বা হয়রানি কিংবা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে ই-মেইলে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে এসব নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।