সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেজাল সার-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট মন্ত্রণালয়ের নজরে এসেছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের এক সার ডিলারের প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনার।
মন্ত্রণালয় জানায়, ওই ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিনই মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়। পরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তির ভাষ্য, আগস্টেই আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়ে যাওয়া একটি ঘটনা নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ বলে যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে মন্ত্রণালয়। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয় এবং সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের মান ধরে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।