নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ধানখেতে রাসায়নিক স্প্রে করে ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম গ্রামের নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে জমির কিছু অংশের ধান ক্ষতিগ্রস্ত দেখা যায়।
অভিযোগকারী নজরুল ইসলাম জানান, পশুরামপুর মৌজার ১৭২ নম্বর দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চলতি আমন মৌসুমে ওই জমিতে ধান রোপণের পর বণ্টনসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন জমিতে রাসায়নিক স্প্রে করে ধানের ক্ষতি করেছেন বলে তাঁর অভিযোগ। তিনি দাবি করেন, নাজমুল হোসেন সরকারের নির্দেশে রেজাউল, মোস্তাফিজুর ও মেহেদী হাসান জমিতে গিয়ে এ ক্ষতি করেন।
অভিযোগ অস্বীকার করে স্প্রে করার কাজে নিয়োজিত পরেশ হাসদা বলেন, জমির মালিকের নির্দেশে তিনি পোকার ওষুধ দিতে গিয়েছিলেন; কোনো ক্ষতিকারক বিষ প্রয়োগ করেননি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক আল আমিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন ও ঘটনার সত্যতা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।