নওগাঁর মহাদেবপুর ও মান্দা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। দুই উপজেলায় মোট ১১ হাজার ২০০ কৃষক এই সহায়তা পাচ্ছেন। গতকাল বুধবার (২৫ নভেম্বর) আলাদা অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করা হয়।
মহাদেবপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরিষা ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৫ হাজার ৭০০ কৃষককে পর্যায়ক্রমে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার দেওয়া হবে।
মান্দায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন। উপজেলা কৃষি অফিস জানায়, ৫ হাজার ৫০০ কৃষকের প্রত্যেকে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সরিষা চাষের পরিধি বাড়াবে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।