বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে, তার আগে করা পরীক্ষা গ্রহণযোগ্য হবে না; দালালদের ফাঁদে না পড়ার আহ্বান

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকাভুক্ত সেন্টারগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে বলা হয়েছে। নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে কিছু মেডিকেল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে।

মন্ত্রণালয় সূত্র স্পষ্ট করেছে, ৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা প্রক্রিয়াকরণও করা হবে না। সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না।

মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে অনুরোধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে। নির্দেশনা অমান্য করলে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষার তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে ইমেইলে (secretary@probashi.gov.bd) জানাতে অনুরোধ করা হয়েছে।