চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুজন হলেন উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল এবং সহতথ্য, যোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার। তাঁরা দুজনই রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাসিন্দা।
গত মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাঁদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত রোববার রাতে রাউজানে চাঁদা না পেয়ে এক প্রবাসীসহ দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, কয়েক মাস ধরে এন এ বাবুল ও সরোয়ার তাঁদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এ বিষয়ে রাউজান থানায় আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
বহিষ্কৃত দুই নেতার বক্তব্য পাওয়া যায়নি; তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।