বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বহিষ্কার

কেন্দ্রীয় বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ আছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতার নাম মিজানুর রহমান (মিজান)। তিনি বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের’ সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এর ভিত্তিতে তাঁকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম ওরফে শাহীন হত্যা মামলার প্রধান আসামি, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে শহরের উপশহর বাজারের দশতলা ভবন এলাকায় মাহবুব আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মাহবুবের স্ত্রী ১১ জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম (বাদশা) মুঠোফোনে জানান, কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করায় দল মিজানুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে এখনো তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।