রাজধানীতে নিজের ভাড়া দেওয়া একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৮৫ জনকে আটকের ঘটনায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাসা থেকে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাঁর কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী বলা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আদেশ ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে এবং বরখাস্তকালে তিনি রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী এ সময় তিনি খোরপোষ ভাতা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। এরপর তদন্ত ও শুনানি হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
গত ১৯ অক্টোবর দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওই বাড়িতে অভিযান চালায়। ডিবি জানিয়েছিল, সেখানে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল এবং গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়, পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযানের পরদিন ওই কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তরের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। বাড়িটি তাঁর মালিকানাধীন এবং তিনি সেটি ভাড়া দিয়েছিলেন বলে জানা গেছে।