রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক সহযোগী পালিয়ে গেছেন।
রাজশাহী জেলা পুলিশ মিডিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. মামুন অর রশীদের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের লতিফ মোল্লার আমবাগানে অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে জিনারুল ইসলাম (৪৩) নামের একজনকে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি বাঘার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।
অভিযানের সময় তাঁর সহযোগী হামিদকুড়া গ্রামের সাগর (৪৫) পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ৩০ বোতল এসকাফ সিরাপসহ রঞ্জয় মন্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) গ্রেপ্তার হন। রঞ্জয় মন্ডল ওই গ্রামের হীরেন মন্ডলের ছেলে এবং মাবুদ আলী মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। এবারের ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।