বগুড়ার হিমাগারে রাখা আলু উৎপাদন ও সংরক্ষণ খরচের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না। প্রতি কেজি আলুর পেছনে খরচ হয়েছে ২২ থেকে ২৩ টাকা, অথচ পাইকারি বাজারে এখন তা বিক্রি হচ্ছে ৭ থেকে ৯ টাকায়। দরপতনের কারণে বিক্রির টাকায় হিমাগারের ভাড়াও উঠছে না। ভাড়া পরিশোধের ভয়ে হিমাগার কর্তৃপক্ষের ফোন ধরছেন না অনেক কৃষক ও ব্যবসায়ী।
বগুড়া কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলার ৫১টি হিমাগারে প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৮৪২ টন খাবার ও বীজ আলু সংরক্ষণ করা হয়েছিল। সংরক্ষণের নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনো প্রায় এক লাখ টন আলু অবিক্রীত অবস্থায় পড়ে আছে।
খন্দকার হিমাগারে তিন লাখ টাকার আলু রেখেছেন খোরশেদ আলম। তিনি বলেন, কয়েক মাস ধরে আলু আটকে আছে, ক্রেতা নেই। একই হিমাগারে ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে আলু রেখেছেন আবু মোত্তালিব মানিক। তিনি জানান, আলু রাখার পর থেকেই দাম কমতে থাকে; ক্রেতা খুঁজতে খুঁজতেই মেয়াদ শেষ হয়েছে, এখন ঋণ পরিশোধের কোনো পথ দেখছেন না।
বগুড়া সদরের খামারকান্দি এলাকার কৃষক হজরত আলী গত বছর ১৯২ বস্তা আলু রেখে লোকসান দিয়েছিলেন। এবার ঝুঁকি কমাতে ৯২ বস্তা রেখেও কেজিতে প্রায় ১৪ টাকা লোকসানের মুখে পড়েছেন। তাঁর ভাষায়, সুষ্ঠু বিপণন নীতিমালা না থাকায় ঋণগ্রস্ত কৃষকদের বারবার লোকসান গুনতে হচ্ছে। মোকামতলার কৃষক আবদুল বাছেদ জানান, গত তিন বছর আলু চাষ করে তিনি লাভের মুখ দেখেননি। লোকসানের কারণে এলাকার অনেকেই এবার আলু চাষ কমিয়ে দিচ্ছেন।
হিমাগার-সংশ্লিষ্টরা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় আলুর চাহিদা কমেছে। বর্তমানে ৬০ কেজির এক বস্তা আলু বিক্রি হচ্ছে ৪৭০ থেকে ৫০০ টাকায়। কাফেলা হিমাগারের ব্যবস্থাপক আবদুল হান্নান জানান, তাঁদের হিমাগারে সংরক্ষিত ১ লাখ ৫৫ হাজার বস্তা আলুর মধ্যে ১৫ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার পরও ৪৮ হাজার বস্তা পড়ে আছে। মালিকেরা খোঁজ না নিলে নির্ধারিত সময় পর এসব আলু ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না। পাশের জয়পুরহাটের কালাই উপজেলার ১২ হাজার টন ধারণক্ষমতার আরবি হিমাগারেও প্রায় ৩০ শতাংশ আলু অবিক্রীত আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক পরিমল প্রসাদ রাজ।
বগুড়ার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ বলেন, ভারতে দাম কম থাকায় এবং আন্তর্জাতিক বাজারের নানা জটিলতায় এবার আলু রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। সংকট কাটাতে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও নেপালে আলু রপ্তানির উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি আলুর লোকসান পুষিয়ে নিতে আগামী মৌসুমে কৃষকদের সরিষা চাষে প্রণোদনা দেওয়া হবে।