বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। চলতি মাসের ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এ সংলাপ হওয়ার কথা ছিল।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রগুলোর ভাষ্য, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এ কারণেই বৈঠক স্থগিত হয়েছে। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। সূত্র আরও জানায়, উভয় দেশ সম্মত হয়েই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।
কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালে। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ হয়েছে। সর্বশেষ চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয় ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে। সংলাপের নতুন তারিখ কবে নির্ধারিত হবে, সে বিষয়ে সূত্রগুলো এখনো কিছু জানায়নি।