শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে বাংলাদেশ, গোল রাতুলের

একই দিন কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারানো বাংলাদেশের কিশোররা সেমিফাইনালে গ্যাবনকে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবারের এই ম্যাচে জয়ের নায়ক গোলদাতা রাতুল।

একই দিন এর আগে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন পাভেল।

এ নিয়ে বিশ্বকাপে নয় ম্যাচ খেলে পঞ্চম জয় পেল বাংলাদেশ। টুর্নামেন্টে দলটির পথচলা শুরু হয়েছিল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে তারা। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ ড্রয়ের পর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। এরপর ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি।

ই-টায়ারের নকআউট পর্বে শেষ ৩২-এর লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে বাংলাদেশ। শেষ ষোলোয় সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হয়, টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয়ে পরের ধাপে ওঠে দলটি। এরপর কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রো ও সেমিফাইনালে গ্যাবনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।