বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে ১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর

বগুড়ার আদমদীঘিতে সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার।

কলেজ সূত্রে জানা গেছে, সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। পশ্চিম বগুড়ার এই কলেজটি কারিগরি শাখায় সুনাম অর্জন করেছে। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক ও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে কয়েকবার নির্বাচিত হয়েছেন এই কলেজের শিক্ষকেরা।

কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার সময় বিএনপির তৎকালীন সংসদ সদস্যের সহযোগিতা থাকায় গত ১৭ বছরে আগের সরকারের আমলে প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুদান পায়নি। তাঁর দাবি, অনুদানের আবেদন করলেই কলেজটিকে বিএনপির প্রতিষ্ঠান বলে চিহ্নিত করা হতো। তিনি বলেন, তারপরও নিজেদের চেষ্টায় কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা ও সান্তাহার পৌর বিএনপির নেতারা, যুবদল ও জাসাসের স্থানীয় নেতারা এবং কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বগুড়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মিত হবে। নতুন একাডেমিক ভবন তৈরি হলে কলেজের শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।