বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ীর ধলপুরে কাজ শেষে ফেরার পথে গুলিতে কারখানাশ্রমিক মারুফ নিহত

মঙ্গলবার সন্ধ্যায় ধলপুর ওয়াসা গেট এলাকায় তাঁর গলার পাশে গুলি লাগে; হাসপাতালে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে মারুফ নামের এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, মারুফ পাতিল তৈরির একটি কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে তাঁরা বাসায় ফিরছিলেন। ওয়াসা গেট এলাকায় এলে হঠাৎ গুলি এসে মারুফের গলার পাশে লাগে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কারা, কী কারণে গুলি করেছে, তা তিনি জানেন না।

মারুফের প্রতিবেশী নূর হোসেন বলেন, তিনি শুনেছেন সেখানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল এবং সেই গুলিই মারুফের গায়ে লেগেছে। যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, গুলিতে এক যুবকের মৃত্যুর খবর তিনি শুনেছেন, তবে কারা, কী কারণে গুলি করেছে তা এখনো নিশ্চিত হতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।