শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া: পররাষ্ট্রমন্ত্রী

বাহরাইনের মানামা সংলাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে দেশটির অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ন্যাটো ধাঁচের মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি এ কথা জানান।

তিনি বলেন, “মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।”

ইয়েমেনের হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরব যখন আঞ্চলিক সমর্থন জোরদারের চেষ্টা করছে, তখনই সিরিয়ার এই আগ্রহের কথা সামনে এল। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব। সৌদি-মালিকানাধীন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি মাসে হুতিদের একটি বড় হামলায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল।

গত আগস্টে ইসলামের পবিত্রতম শহর মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে পাকিস্তান ও তুরস্ক এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানের ঘোষণা দেয়নি।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আকস্মিকভাবে রিয়াদ সফর করেন এবং জানান, সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল হুতি হামলা থেকে রক্ষায় ফ্রান্স সেনা পাঠিয়েছে। অক্টোবরেই যুক্তরাজ্য সরকার সৌদি আরবকে হামলা মোকাবিলায় সহায়তা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেয়।