বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় গাড়িচালক ইউসুফকে ছুরিকাঘাতে হত্যা

আদালত চত্বরে দুপুরের সংঘর্ষের জের ধরে রাতে এক বাড়িতে হামলার সময় মোবাইলে ভিডিও করায় ২৩ বছরের যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সশস্ত্র হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করায় ইউসুফ (২৩) নামে এক গাড়িচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, রাত ৮টার দিকে দেলোয়ার হোসেন ওরফে দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র ছিল এবং তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির পেছনের একটি বাড়ির ভাড়াটিয়া ইউসুফ তখন নিজের মোবাইলে সেই দৃশ্য ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা তাঁর মোবাইল কেড়ে নিতে চায়। ইউসুফ বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।

নিহত ইউসুফের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বারকি গ্রামে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং ফতুল্লার শিয়াচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের অনুসারী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ারের লোকজনের সংঘর্ষ হয়, যাতে জুয়েল আরমানসহ অন্তত ছয়জন আহত হন। এর জের ধরেই রাতে এই হামলা হয় বলে তাঁদের ধারণা। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে আদালত এলাকার সংঘর্ষের জের ধরে রাতে দেলুর বাড়িতে হামলা হয় এবং হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে ছুরিকাঘাত করা হয়।