দেশের স্কুল-কলেজে নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’
শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষা থেকে পছন্দমতো একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।
খেলাধুলা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ও শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তিনি।
এর আগে সোমবারই ইউজিসির চেয়ারম্যান জানিয়েছিলেন, ডিসেম্বরের মাঝামাঝি ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে। ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক করার সময়সূচি, পাঠ্যক্রম বা কোন শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে—এসব বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিস্তারিত বলা হয়নি।