কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) বাংলাদেশ থেকে টিকটকে আপলোড করা ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও মুছে ফেলেছে প্ল্যাটফর্মটি। মুছে ফেলা ভিডিওর সংখ্যা বাংলাদেশ থেকে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
টিকটকের সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা অভিযোগ জানানোর আগেই প্ল্যাটফর্মটি নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নীতিমালা লঙ্ঘন করা ভিডিওর ৯৯ দশমিক ৮ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলেছে। ৯২ দশমিক ৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। পরে যাচাই করে ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।
টিকটকের তথ্যমতে, একই সময়ে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটি মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও মুছে ফেলেছে, যা আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মোছা হয়েছে। যাচাইয়ের পর ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও ফিরিয়ে আনা হয়েছে।
ভিডিও মুছে ফেলার পাশাপাশি একই সময়ে প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে আরও ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্ট সরানো হয়েছে বলে টিকটকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।