নাটোরের লালপুর উপজেলায় এ বছর ১৯টি মণ্ডপে শ্রী শ্রী দীপান্বিতা কালীপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৮ নভেম্বর রোববার থেকে বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজা উদযাপনের প্রস্তুতি নিতে বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি সভা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মেশকাতুল ইসলাম। সভায় আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালপুর উপজেলা শাখা সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মণ্ডপভেদে এক থেকে নয় দিন পর্যন্ত পূজা চলবে।
সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার এবং বিভিন্ন মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ উপজেলা প্রশাসন ও পূজা উদযাপনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে সভায়।