শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ, হতাহত নেই

শুক্রবার ভোরে বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়ে মোটরসাইকেলে আসা তিনজন বোমা ছুড়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার কার্যালয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা তিনজন ব্যাংকের কার্যালয়ের সামনে থামেন। তাঁরা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে ছুড়ে বিস্ফোরণ ঘটান। এরপর দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান। বিস্ফোরণের পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি রাকিবুল ইসলাম আরও বলেন, ঘটনার পর গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলার বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

হামলার উদ্দেশ্য কী ছিল এবং এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন। প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।