মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দেশে সহিংসতা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করল সরকার; পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, হাসিনাকে ফিরতে হলে আসতে হবে বন্দি অবস্থায়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার সরকারি ভাষ্য তুলে ধরা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে সরকার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং শুরু হয়। ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতেই এই ব্রিফিংয়ের আয়োজন। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক অথবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।

গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনটির কর্মসূচির মধ্যে বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় প্রাণহানিও ঘটেছে। ব্রিফিংয়ের আগে সরকার জানিয়েছিল, কূটনীতিকদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে।

ব্রিফিং শেষে সকাল ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়; ফিরতে হলে তাঁকে হাতকড়া পরে বন্দি অবস্থায়ই আসতে হবে। তাঁর ভাষ্য, পলাতক শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই।

হুমায়ুন কবির আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসের কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ে অবহিত করার পর প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে কূটনীতিকদের সঙ্গে আরেকটি বৈঠক শুরু হওয়ার কথা ছিল।