সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শিকাগোয় বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন, উইলিস টাওয়ারের পাশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’

শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে প্রস্তাব অনুমোদন করে; রোববার বাংলাদেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে ফলক উন্মোচিত হয়।

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।

শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

সড়কটির পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে নামকরণের কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান নামকরণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।