দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। গত ১৫ মার্চ থেকে ৮ মাস ৮ দিনের মধ্যে এই প্রথম একটি মৃত্যুশূন্য দিন পার হলো। এর আগে সম্প্রতি একদিনে ৯ শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৪১৭।
সরকারি হিসাবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১ হাজার ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ শিশু, আর বাকি ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এই সময়ে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ১৩৯ শিশু।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৩২ জনের। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২২ হাজার ১৯ শিশু।