শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার

বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে ঝরনায় গোসলে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী শিক্ষার্থীর লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে।

বান্দরবানে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনা থেকে পুলিশ, সেনাসদস্য ও স্থানীয়রা লাশটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে ওই স্কুলের নবম শ্রেণির পাঁচ-ছয়জন শিক্ষার্থী শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝরনা থেকে উঠে এলেও একজন নিখোঁজ হয়। বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝরনায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করেন। নিহত শিক্ষার্থীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারার বটতলী এলাকায়।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।