বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করতে এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে শিগগিরই উচ্চপর্যায়ের একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হবে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দীর্ঘ সংগ্রামে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আলোচনায় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জনমত গঠনে মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে বিগত শাসনামলে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় পদোন্নতিবঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে প্রাপ্ত তথ্য পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের মত দেওয়া হয়। বঞ্চনা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতাদের তালিকা তৈরি ও প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সীমিত জনবল দিয়ে বেশি কাজ করা এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে বিসিএস তথ্য ক্যাডারকে সাধারণ ক্যাডারের সঙ্গে একীভূত করার বিষয়ে আলোচনা হয়। কমিটি আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বিটিভি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) ও বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করেছে।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য আশরাফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান বাবুল, মজিবুর রহমান, ফাহমিদা হক, শফিকুল ইসলাম ও নাজমুন নাহার অংশ নেন। মন্ত্রণালয়ের সচিব, অধীনস্থ অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট সংস্থাপ্রধানরাও উপস্থিত ছিলেন।