শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল, আক্রান্ত ১০ হাজারের বেশি; নাইজেরিয়া, কেনিয়া ও উগান্ডাতেও রোগী শনাক্ত

সরকারি তথ্য অনুযায়ী দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এ প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি; ‘বুন্দিবুগিও’ প্রজাতির জন্য কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত সরকারি তথ্যে এ হিসাব দেওয়া হয়। দেশটির ইতিহাসে এটি ইবোলার সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব, যা নিয়ন্ত্রণের কার্যকর উপায় কর্তৃপক্ষ এখনো খুঁজে পায়নি।

গত মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যে ‘বুন্দিবুগিও’ প্রজাতির ভাইরাস এবার ছড়িয়েছে, তা মোকাবিলার জন্য এখনো কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। রোগ শনাক্তে দেরি, সংঘাত ও দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে ভাইরাসটি আগের যেকোনো প্রাদুর্ভাবের তুলনায় দ্রুত ছড়িয়েছে। কঙ্গোর ২৬টি প্রদেশের আটটিতে এটি পৌঁছেছে এবং অনেক মৃত্যু হয়েছে চিকিৎসাকেন্দ্রের বাইরে।

আক্রান্তের সংখ্যার দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব। এর আগের বৃহত্তম প্রাদুর্ভাবটি ছিল ২০১৪-২০১৬ সালে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে, যাতে ২৮ হাজার ৬০০-এর বেশি মানুষ আক্রান্ত এবং ১১ হাজারের বেশি মানুষ মারা যান।

ভাইরাসটি প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়েছে। গত সপ্তাহে নাইজেরিয়া চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে ইবোলা রোগী শনাক্তের কথা জানায়, ফলে প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকা পর্যন্ত পৌঁছেছে। পূর্ব আফ্রিকার কেনিয়া ও উগান্ডাতেও রোগী শনাক্ত হয়েছে।