বরাদ্দ কম হওয়ায় দরপত্র আহ্বান করেও ঠিকাদার মেলেনি; ফলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও কাঞ্চননগর ইউনিয়নের প্রধান যোগাযোগের সড়কের সংস্কারকাজ আটকে আছে। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সড়কটির নাম রহমতিয়া সড়ক, দৈর্ঘ্য ৯ কিলোমিটার। এর প্রায় ৪ কিলোমিটার অংশ এখন চলাচলের অনুপযোগী। সরেজমিনে দেখা যায়, পাইন্দং আদর্শ উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে বেড়াজালী-কাঞ্চননগর সেতু পর্যন্ত অংশের অবস্থা সবচেয়ে খারাপ। কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি ও কাদা জমে যায়। ঝুঁকি নিয়ে এই পথে চলছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যানবাহন বিকল হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সড়কটির বড় অংশ প্রায় এক দশক আগে সংস্কার করা হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে বৃন্দাবনহাট বাজার থেকে দুই কিলোমিটার অংশ পুনঃসংস্কার হলেও বাকি অংশের অবস্থার উন্নতি হয়নি। সম্প্রতি সংস্কারের জন্য দরপত্র ডাকা হলেও বরাদ্দ কম হওয়ায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়নি।
সড়কটি দিয়ে প্রতিদিন তেমুহনী বাজার, রাজা রাস্তার মাথা, কাঞ্চুরহাট, বাদামতল, চামারদীঘি, বৃন্দাবনহাট ও বিবিরহাটসহ বিভিন্ন বাজারে যাতায়াত করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কর্ণফুলী চা বাগান ও বাইন্যাছোলা সেনা ক্যাম্পে যাওয়ার জন্যও এটি গুরুত্বপূর্ণ পথ। সড়কের বেহাল দশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও রোগীরা। এলাকাবাসী দ্রুত বাড়তি বরাদ্দ দিয়ে সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছেন।