শুষ্ক আবহাওয়ার মধ্যে আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ সোমবার তৃতীয় অবস্থানে আছে ঢাকা। সকাল সোয়া ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৮, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। সোমবার সকালে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর, সেখানকার একিউআই ৩০৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা, সেখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’।
রাজধানীর ১০টি এলাকার মধ্যে সবচেয়ে বেশি দূষণ দেখা গেছে গুলশান লেক পার্কে, সেখানে একিউআই ছিল ৫১৬। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে ২৩৭, বারিধারা পার্ক রোডে ২২৫, বারিধারা লেকসাইডে ২১৮, পুরান ঢাকার বেচারাম দেউড়িতে ২১২ এবং বাড্ডার প্রগতি সরণিতে ২১১ স্কোর পাওয়া গেছে। মাদানী অ্যাভিনিউ এলাকায় ছিল ২০৯, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকায় ২০৭, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ১৯৩ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৬২।
এ পরিস্থিতিতে রাজধানীবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির পরামর্শ অনুযায়ী, দূষণ থেকে সুরক্ষায় ঘরের জানালা বন্ধ রাখতে হবে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়; এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।