বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার জলসীমায় ফ্লোটিলা

আন্তর্জাতিক সহায়তাবাহী ‘মিকেনো’ নামের জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে

‘মিকেনো’ নামের জাহাজ গাজায় প্রবেশ করেছে
ছবি: ‘মিকেনো’ নামের জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে

অবরুদ্ধ ফিলিস্তিনি উপকূল গাজার জলসীমায় পৌঁছে গেছে আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। ইসরায়েলের রক্তচক্ষু ও হুঁশিয়ারি উপেক্ষা করেই এ নৌযানটি বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজার জলসীমায় প্রবেশ করেছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ লাইভ ট্র্যাকার তথ্য অনুযায়ী, ‘মিকেনো’ নামের জাহাজটি বৃহস্পতিবার সকালে গাজার উপকূলে প্রবেশ করেছে। তবে এটি ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে আন্তর্জাতিক মানবিক সহায়তা বহরের অন্তত ২৬টি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি কমান্ডোদের অভিযানের পর বর্তমানে ২৪টি নৌযান কার্যকর অবস্থায় আছে। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই গাজার উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

 

ইসরায়েলি সতর্কতা উপেক্ষা করে ফ্লোটিলার অগ্রযাত্রা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। মানবিক সহায়তা পৌঁছানোর এই প্রচেষ্টা সফল হবে নাকি ইসরায়েলের সামরিক বাধার মুখে পড়বে—তা নিয়েই এখন বিশ্বজুড়ে দৃষ্টি গাজার দিকে।