রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে সংবিধান সংশোধন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রংপুরে আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-একটি জায়গায় পেট্রোল বোমা মেরে বা থানা পুড়িয়ে অরাজকতা তৈরি করে কিছু অর্জন করতে পারবে না। তাঁর বক্তব্য, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল; আগের সরকারের মতো গুম, হত্যা বা গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চায় না। কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে থানা বা সরকারি অফিস-আদালতের প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে তা রাখবে না বলেও তিনি মন্তব্য করেন; এটি জনগণের ইচ্ছার ওপর নির্ভর করবে বলে জানান। মীর শাহে আলমের দাবি, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল এবং আগের অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল।

চলমান সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন করে ভাবার সময় এসেছে; সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয় যুক্ত করা হতে পারে। প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে তা করবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে ইতিমধ্যে আইন সংশোধন করা হয়েছে এবং নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। সেখানে ধানের শীষ বা এ ধরনের জাতীয় প্রতীক থাকবে না, দল থেকে সরাসরি মনোনয়ন দেওয়ারও সুযোগ নেই। ব্যানার-পোস্টারে কেউ নির্দিষ্ট দলের প্রার্থী পরিচয় দিতে পারবেন না; প্রার্থীরা ব্যক্তি হিসেবে লড়বেন। তবে বিএনপির নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেজল্যুশনের মাধ্যমে সমর্থিত প্রার্থী ঘোষণা করবে। কেউ তা না মানলে উপজেলা বা জেলা বিএনপি কেন্দ্রকে জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

রংপুর স্টেডিয়ামের নামকরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের খেলা হওয়া যেমন এলাকার গৌরব, তা উপভোগ করা স্থানীয় মানুষের অধিকারও। স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।