পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রাকিন সিটি থেকে তাঁদের আটক করা হয়।
ডিবির প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়েছে।
ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়; ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আটক দুই ভাইয়ের একজনের নাম রেজাউল আলম শাহীন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে; অন্যজনের পরিচয় জানা যায়নি।
মনিরুল ইসলামকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তখন তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। গত অক্টোবরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মনিরুল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, ওই হিসাবগুলোতে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। আদালতের ওই আদেশের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে ফারজানা ও তাঁর ভাই রেজাউলও ছিলেন।
আটক তিনজনকে আদালতে হাজির করা হবে কি না বা তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।