রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে গোদাগাড়ীতে দিবসটি উপলক্ষে সফল সমবায়ী ও সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়েছে।

‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং সফল সমবায়ী ও সমবায় সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা সমবায় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলফার ইয়াসমিন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান ও গোদাগাড়ী পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ডা. রফিকুল ইসলাম।

বক্তারা দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়াতে এবং মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় উপজেলার সফল সমবায়ী এবং বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।