পুলিশের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের একটি মামলায় এক মৃত বীর মুক্তিযোদ্ধাকে আসামি করার ঘটনা ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলায়। পদ্মা সেতু দক্ষিণ থানায় করা ওই মামলার আসামির তালিকায় নাম রয়েছে সামচু ঢালীর, যিনি চলতি বছরের ২৯ মার্চ মারা গেছেন।
মামলার এজাহার অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে লগি-বইঠা হাতে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলায় ২৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এক নম্বর আসামি শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন। আসামির তালিকার ২১৯ নম্বরে আছে সামচু ঢালীর নাম। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায়। মারা যাওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছিল। এ মামলায় এ পর্যন্ত পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে; তাঁদের একজন শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের আরএম শাখার কর্মচারী (সার্টিফিকেট সহকারী) জাহাঙ্গীর হোসেন।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক বলেন, সাড়ে সাত মাস আগে ৭৬ বছর বয়সে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তাঁর বাবা মারা গেছেন। একজন মৃত ব্যক্তিকে মামলায় আসামি করায় তাঁরা বিস্মিত। তাঁর প্রশ্ন, কোন শত্রুতার কারণে পুলিশ বাবাকে এভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, তাঁর বাবা আওয়ামী লীগ করতেন—এটাই কি অপরাধ, আর মৃত্যুর পরও কি তাঁকে নিয়ে টানাহেঁচড়া করতে হবে?
মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়ে মামলার বাদী এসআই আকরাম হোসেন বলেন, এ মামলায় যতজনকে আসামি করা হয়েছে, সবাইকে তিনি চেনেন না। পুলিশের বিভিন্ন সোর্স থেকে নামগুলো দেওয়া হয়েছে। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন বলে সিনিয়র কর্মকর্তারা তাঁকে এজাহারে স্বাক্ষর করতে বলেছেন এবং তিনি বাদী হয়েছেন।