রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ টন কয়লা সরবরাহের নতুন চুক্তি পেতে প্রতিযোগিতায় থাকা তিন বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক লিয়ানেক্স করপোরেশন (এস) পিটিই লিমিটেড। প্রতিষ্ঠানটি বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বাঁশখালীর এসএস পাওয়ার ওয়ান লিমিটেডে কয়লা সরবরাহ করছে।
নতুন দরপত্রে দুই বাংলাদেশি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বানানগত অসঙ্গতি, স্বাক্ষরের অবস্থান ও পাওয়ার অব অ্যাটর্নির তারিখসংক্রান্ত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
কাস্টমসের পর্যালোচনা করা নথি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিয়ানেক্স এসএস পাওয়ারকে প্রায় ৫২ লাখ টন ইন্দোনেশীয় স্টিম কয়লা সরবরাহ করেছে। এ জন্য চট্টগ্রাম কাস্টমসে ২১৬টি বিল অব এন্ট্রি পাওয়া গেছে এবং প্রতিটিতে আমদানিকারক হিসেবে এসএস পাওয়ারের নাম রয়েছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি সরবরাহ শুরু হওয়ার পর থেকে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এসব কয়লার ঘোষিত মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার।
পর্যালোচিত রেকর্ডে ২০২৪ সালের জানুয়ারি থেকে অন্য কোনো বাংলাদেশি বিদ্যুৎকেন্দ্রে লিয়ানেক্সের কয়লা সরবরাহের তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ রামপালের চুক্তি পেলে বাংলাদেশে এসএস পাওয়ারের বাইরে এটি তাদের দ্বিতীয় বড় গ্রাহক হতে পারে।
এদিকে এসএস পাওয়ার আর্থিক সংকট, বকেয়া বিদ্যুৎ বিল ও আমদানি অর্থায়নে নানা সীমাবদ্ধতার মুখে রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া অর্থ পরিশোধ না করায় ২০২৬ সালের মার্চ ও এপ্রিলে কয়লাবাহী জাহাজ খালাসে সমস্যা হয়েছিল। কাস্টমস নথিতেও মার্চে সরবরাহ কমে এপ্রিলে বন্ধ থাকা এবং মে মাসে আবার আমদানি শুরুর চিত্র দেখা যায়।
রেকর্ড অনুযায়ী ২০২৫ সাল থেকে ২০২৬ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত লিয়ানেক্সের কয়লার ঘোষিত মূল্য সাধারণত প্রতি টন ৭৮ থেকে ৯৩ ডলারের মধ্যে ছিল। মে মাসে আমদানি পুনরায় শুরু হলে তা গড়ে ১০৯ ডলারে দাঁড়ায় এবং সেপ্টেম্বর নাগাদ ১১৮ থেকে ১২১ ডলারে পৌঁছে। কয়েক মাসের ব্যবধানে ঘোষিত মূল্য প্রায় ৩০ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি, জ্বালানি বাজারের অস্থিরতা ও বাংলাদেশে কয়লার ওপর নির্ভরতা বাড়ার বিষয়টি এর সঙ্গে সংশ্লিষ্ট বলে সংশ্লিষ্টরা মনে করছেন।