সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে বাসাভাড়া বাড়ালে আইনগত ব্যবস্থা: সাভারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়ির মালিকেরা যেন সঙ্গে সঙ্গে ভাড়া না বাড়ান, সে অনুরোধ জানিয়ে সতর্কও করেছেন মীর শাহে আলম।

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে বাসাভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বাড়ার পরপরই কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তৈরি পোশাকশিল্পে চলমান অসন্তোষের প্রেক্ষাপটে সাভার পৌরসভা এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সাভারের ইউএনও, সাভার মডেল থানার ওসি এবং কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বাড়ির মালিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকেরা বেতন বৃদ্ধির যৌক্তিক দাবি তুলেছেন, মালিকেরাও যৌক্তিক কথা বলছেন এবং নিরপেক্ষ মজুরি বোর্ড বিষয়টি নির্ধারণ করছে। এ অবস্থায় বেতন বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ালে শ্রমিকেরা দিশাহারা হয়ে পড়বেন। তাই বেতন বাড়ার পর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মজুরি বোর্ড উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে একটি বেতনকাঠামো নির্ধারণ করবে এবং শ্রমিকদের বেতন বাড়বে—এটি নিশ্চিত। তিনি আশা প্রকাশ করেন, দুই-এক দিনের মধ্যেই মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও মজুরি বোর্ড একসঙ্গে বসে বেতনকাঠামো ঠিক করবে এবং শিল্পের গতি ফিরে আসবে।

পোশাকশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশের বাইরে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন বলে দাবি করেন মীর শাহে আলম। তাঁর ভাষ্য, সেই উসকানিতে পা দিয়ে কিছু লোক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, সরকার গুম, হত্যা বা গুলি করে মানুষ মারার রাজনীতি করবে না; তাই মানবিক দিক বিবেচনা করে আন্দোলন ধৈর্য ধরে মোকাবিলা করা হচ্ছে।

সভায় সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গও তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গোপালগঞ্জের উন্নয়নে ১ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। গোপালগঞ্জের কিছু মানুষ জেলার উন্নয়ন চান না বলে মনে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তাঁরা যদি না চান, সরকার জোর করে সেখানে প্রশাসনিক ব্যবস্থা রাখবে না।